ইরানে হামলায় ইসরায়েলি সেনাদের ভীতসন্ত্রস্ত হয়ে কান্নার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইরানের হামলায় ইসরায়েলি সেনাদের ভীতসন্ত্রস্ত হয়ে বসে থাকার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটিতে ইসরায়েলের পতাকা সংবলিত সামরিক পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তিকে কান্না করতেও দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইরানের হামলায় ইসরায়লি সেনাদের ভীতসন্ত্রস্ত হয়ে বসে থাকার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত ভিডিওর সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে বিস্তর অনুসন্ধানে Qasem_Khaybar96 নামের একটি টেলিগ্রাম গ্রুপে গত ২ মার্চ একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। যেহেতু উক্ত পোস্টের আগে কোনো মাধ্যমেই ভিডিওটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তাই নিশ্চিত হওয়া যাচ্ছে, এই টেলিগ্রাম গ্রুপেই ভিডিওটি প্রথম প্রচার করা হয়।
প্রাপ্ত এই ভিডিওটির ফ্রেম সাইজ প্রচারিত ভিডিওর তুলনায় বড় এবং স্পষ্ট হওয়ায় এতে কিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটি দেখতে পাওয়া একজন সেনার পোশাকে থাকা ইসরায়েলের পতাকায় হিব্রু ভাষার পাশাপাশি অস্পষ্ট অক্ষরে কিছু দেখা দেখতে পাওয়া যায়। ইসরায়েলের পতাকায় যা বিদ্যমান নয়। এছাড়াও সাধারণত পতাকার মাঝে এমনভাবে কোনো কিছু লেখা হয়ে থাকেনা।

তাই প্রচারিত ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা সেটি যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Sight Engine -এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৫ শতাংশ।

এছাড়াও আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পরীক্ষা করে দেখা হলেও সেখানে এটিকে এআই জেনারেটেড কনটেন্ট হিসেবে শনাক্ত করা হয়।
সুতরাং, ইরানের হামলায় ইসরায়েলি সেনাদের আতঙ্কে কান্না করে দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Qasem_Khaybar96 Telegram Group Post
- Sight Engine
- Hive Detect
- Rumor Scanner’s Analysis

