ইরানের হামলায় ইসরায়েলি শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দাবিতে গাজার জাবালিয়া শহরের ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ইসরায়েলের একটি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ ইসরায়েলের কোনো অঞ্চলের নয়। প্রকৃতপক্ষ, ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকার শহর জাবালিয়ার ভিডিও ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে khames.alrefi শীর্ষক লেখা একটি জলচাপ দেখতে পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে Khames Alrefi নামের একজন ফিলিস্তিনি ফটোসাংবাদিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩ মার্চ একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয় এটি গাজা উপত্যকার জাবালিয়া শহরের দৃশ্য।

পরবর্তীতে উক্ত ফটোসাংবাদিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেখানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শহরসমূহ ও সাধারণ মানুষের করুণ জনজীবনের নানা চিত্র পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ কোনো ইসরায়েলি শহরের নয়।

সুতরাং, ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ইসরায়েলি শহরের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দাবিতে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনি শহরের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • KHAMES ALREFI Instagram Post
  • Rumor Scanner’s Analysis
Share: