ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েল দেখে ইহুদীর আহাজারি দাবিতে হামাস-ইসরায়েল সংঘাতের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, অনলাইন গণমাধ্যম জাগরণ নিউজের ফেসবুক পেজে হামলায় ক্ষতিগ্রস্ত একটি শহরের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনার। যেখানে ধ্বংসযজ্ঞ দেখে ইহুদীদের আহাজারি করতে দেখা যাচ্ছে।

জাগরণ নিউজের ফেসবুক পেজে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে একই দাবিতে প্রচারিত অন্যান্য ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময়কার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের আসাদুদ শহরে হামাসের হামলা চালানোর ঘটনার।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Forbes Breaking News-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৯ অক্টোবর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি সেসময় ইসরায়েলের আসাদুদ শহরে হামাসের হামলার পরবর্তী দৃশ্যের ভিডিও।

একই ভিডিওটির সন্ধান পাওয়া যায় আরেক মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের ওয়েবসাইটেও। প্রাপ্ত প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনার নয়।
সুতরাং, হামাস-ইসরায়েল সংঘাতের পুরোনো ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Forbes Breaking News Youtube Channel: Ashdod, Israel, Grapples With Aftermath Of Rocket Strikes By Hamas
- Skynews Website: Israel-Hamas war: Cars on fire as rocket hits Ashdod
- Rumor Scanner’s Analysis

