ইসরায়েলের হাইফায় ইরানের হামলার ভিডিও দাবিতে সিরিয়ায় ইসরায়েলের হামলার পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ জানুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এঘটনায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তথ্য পাওয়া যায়। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর হাইফাতেও ইরানী হামলার কথা জানা যায়। এর প্রেক্ষিতে সম্প্রতি, হাইফাতে ইরানী হামলার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েলের হাইফাতে ইরানী হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের জুলাইয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলের হামলা চালানোর ভিডিও।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Ahmed Rahhal নামের একজন সিরিয়ান সাংবাদিকের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম এবং লোকেশনে উল্লেখ করা হয়, এটি সিরিয়ার রাজধানী দামেস্কে বোমা হামলার ঘটনার ভিডিও।

পরবর্তীতে Oday Khdeer নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও একইদিনে ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। সেখানে দাবি করা হয়, এটি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ও প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ইসরায়েলের বোমা হামলার ঘটনার ভিডিও।
প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে অনুসন্ধানে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় ২০২৫ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ইসরায়েলে ইরানের কোনো হামলার ঘটনার নয় বরং, এটি সিরিয়ায় ইসরায়েলি হামলার ঘটনার। এছাড়ও হামলার সময় মার্কিন গণমাধ্যম এসোসিয়েটেড প্রেস ও কাতারভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির সংবাদ সম্প্রচারের পৃথক পৃথক কয়েকটি ভিডিওর সন্ধানও পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
পরবর্তীতে গণমাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেময় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছিল। দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালায়।
সুতরাং, সিরিয়ায় ইসরায়েলি হামলার পুরোনো ভিডিওকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের হাইফায় ইরানের হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ahmed Rahhal Youtube Channel: Damascus now, your kindness Oh God
- Oday Khdeer Facebook Post
- Al Jazeera Website: Israel targets Syrian government with attack on Damascus military HQ
- Rumor Scanner’s Analysis

