ইরানের হামলায় ইসরায়েলের অস্ত্র কারখানায় আগুন দাবিতে ছড়ালো দক্ষিণ কোরিয়ার ভিডিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান। এরই প্রেক্ষিতে, ‘#ব্রেকিং ইরানের হামলায়, ইজরাইলের একটি অস্ত্র কারখানা আগুনে জ্বলছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইরানের হামলায় ইসরায়েলের অস্ত্র কারখানায় আগুন লাগার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার একটি ফ্যাশন লজিস্টিক সেন্টারে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘The Straits Times’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৭ই নভেম্বর ‘Huge fire breaks out at South Korean fashion logistics centre’ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দক্ষিন কোরিয়ার গণমাধ্যম ‘The Korea Herald’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১৬ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদন জানা যায়, সেসময় দক্ষিণ কোরিয়ার চেওনান শহরের ডংনাম জেলায় অবস্থিত E-Land-এর একটি বড় ফ্যাশন লজিস্টিকস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারতলা বিশিষ্ট এই গুদামঘরে বিপুল পরিমাণ পোশাক, জুতা ও অন্যান্য দাহ্য সামগ্রী ছিল। আগুনের তীব্রতায় ভবনের প্রথম ও দ্বিতীয় তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া, সেসময় উক্ত ভিডিওটি (১, ২) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে প্রচার হতে দেখা যায়।
সুতরাং, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার ফ্যাশন লজিস্টিক সেন্টারে আগুনের ভিডিওকে ইরানের হামলা ইসরায়েলের অস্ত্র কারখানায় আগুন লাগার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Korea Herald –Fire destroys massive Cheonan fashion logistics hub
- The Straits Times – Huge fire breaks out at South Korean fashion logistics centre
- Rumor Scanner’s Own Analysis

