ইরানের ইসরায়েলে হামলার ভিডিও দাবিতে আলজেরিয়া ও ইন্দোনেশিয়ার পুরোনো ভিডিও প্রচার

র্দীঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। তবে গত ১৮ মার্চ সেই যুদ্ধবিরতির চুক্তিকে উপেক্ষা করে আচমাকা গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। যাতে প্রায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি, ইরান ইসরায়েলে হামলা করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ইরানের হামলা চালানোর তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আলজেরিয়ার একটি ক্লাবের ১০৩ বছর পূর্তি উপলক্ষ্যে সেলিব্রেশনের ভিডিও এবং একই বছরে ইন্দোনেশিয়ার একটি মার্কেটে আগুন লাগার ভিডিও সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওর প্রথম অংশে দেখতে পাওয়া ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Abd Ellah Arabdji নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির ৩ সেকেন্ড সময় থেকে কত সেকেন্ড পর্যন্ত তা উল্লেখ আলোচিত ভিডিওটির শুরুর ফুটেজের মিল রয়েছে। তবে আলোচিত ভিডিওটি উক্ত ভিডিওকে মিরর করার মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনামে ইংরেজিতে ভাষান্তরের মাধ্যমে জানা যায়, ভিডিওটি আলজেরিয়ান ফুটবল দল Mouloudia Club d’Alger এর সমর্থকদের দলটির ১০৩ বছর পূর্তি উদযাপনের ভিডিও।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলজেরিয়ান গণমাধ্যম AL24news – قناة الجزائر الدولية এর ইউটিউব চ্যানেলেও একই ঘটনায় প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতেও আলোচিত ভিডিওটির মত শহরব্যাপী আতশবাজি ফাটিয়ে উদযাপন করতে দেখা যায়।

ভিডিও যাচাই ২

আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে ইন্দোনেশিয়ান গণমাধ্যম Kabar Kutim এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ২২ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর সাথে আলোচিত ভিডিওটির দ্বিতীয় ফুটেজটির মিল রয়েছে। তবে লক্ষ্য করা যায়, উক্ত ভিডিওটিকে মিররের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শিরোনামে বলা হয়, এটি গত বছরের ২২ আগস্টে বেনুয়া বারু গ্রামের সাংকুলিরং মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেক ইন্দোনেশিয়ান গণমাধ্যমের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত অগ্নিকাণ্ডের ঘটনাটি ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান প্রদেশের বোর্নিও দ্বীপের সাংকুলিরং বাজারের।

উল্লেখ্য, গত ১৮ মার্চ ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অর্থাৎ, আলজেরিয়া এবং ইন্দোনেশিয়ার পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে ইসরায়েলে ইরানের হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: