ইরানে ভবন ধসের দাবিতে গাজার ২০২১ সালের পুরোনো ভিডিও প্রচার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় এটি মিসাইলের আঘাতে ইরানের অফিস, বাড়ি ধসে পড়ার দৃশ্য। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এ পর্যন্ত ভিডিওটি প্রায় ৬ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের কোনো স্থাপনা ধসে পড়ার দৃশ্য নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২১ সালে ইসরায়েলি বিমান হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়ার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে Roya News English এর ফেসবুক পেজে ২০২১ সালের ১৫ মে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সম্পূর্ণ মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি ইসরায়েলি বিমান হামলায় ১২ তলা একটি ভবন ধসে পড়ার দৃশ্য। ভবনটিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি, আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের কার্যালয় ছিল।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, ‘Silence the story’: Israeli bombing of media offices condemned শিরোনামে ২০২১ সালের ১৫ মে প্রকাশিত আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গাজা সিটির একটি ভবন, যেখানে আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিউজ এজেন্সির কার্যালয় এবং অন্যান্য সংবাদমাধ্যমের কার্যালয় ছিল, ইসরায়েলি হামলায় সেটি ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে বেশ কিছু আবাসিক ফ্ল্যাট এবং অন্যান্য অফিসও ছিল, যা হামলার ফলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

সুতরাং, মিসাইলের আঘাতে ইরানের অফিস, বাড়ি ধসে পড়ার দৃশ্য দাবিতে গাজার পুরোনো প্রেক্ষাপটের ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: