ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু নিহত দাবিতে এআই ছবি প্রচার

চলমান ইরান- ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসাবশেষের ভেতর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইরানের মিসাইল হামলায় ইসরাইলের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আলহামদুলিল্লাহ।’

অর্থাৎ, দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আসল ছবি নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আলোচিত ছবিটি আসল দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে বিশেষ করে মাথা ও হাতের অংশের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে পরিলক্ষিত হয়। এছাড়াও, ছবির ডান পাশের নিচের অংশের কোনায় গুগলের জেমিনি এআইয়ের লোগো লক্ষ্য করা যায়।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: