সম্প্রতি, ইরানের মসজিদে ইসরায়েলের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েল কর্তৃক ইরানের মসজিদে হামলার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে ‘অনৈতিক এবং ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ০১ মিনিট ১৭ সেকেন্ডের প্রতিবেদনটির ৩৩ সেকেন্ডে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে ‘অনৈতিক এবং ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে গত ১৭ আগস্ট ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে দুজন নারী, পাঁচজন পুরুষসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
কালবেলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সময় পার্কের ভেতরে থাকা একটি দরবার শরিফেও আগুন দেওয়া হয়। প্রতিবেদনে যুক্ত ওই দরবার শরিফের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি ইরানের নয়।
সুতরাং, বাংলাদেশের দিনাজপুরের ‘জীবন মহল’ বিনোদন পার্কে হামলা ও অগ্নিসংযোগের ভিডিওকে ইসরায়েল কর্তৃক ইরানের মসজিদে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Tv- দিনাজপুরে জীবন মহল পার্কে ভা”ঙ”চুর-আ”গু”ন তৌহিদি জনতার
- Prothom Alo- অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা-আগুন-লুটপাট
- Kalbela- বিনোদন পার্কে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন


