ইরানের হামলায় কাতার থেকে মার্কিন বিমান বাহিনীর সদস্যদের পালানোর ভিডিও দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার জবাবে গত ২৩ জুন কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। এর প্রেক্ষিতে হামলার সময় মার্কিন বিমান বাহিনীর সদস্যদের পালানোর ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি প্রায় ২ লাখ ৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ হাজার ৬০০টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও জানানো হয়েছে।

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা চালানোর মুহুর্তে সেখান থেকে বিমান বাহিনীর সদস্যদের পালানোর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মার্কিন বিমান বাহিনীর এলার্ট ক্রুর সদস্যদের নিউক্লিয়ার অ্যালার্ট স্ক্র্যাম্বল এক্সারসাইজ নামক প্রশিক্ষণের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে USA Military Channel নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৯ নভেম্বর Nuclear Alert Scramble – Alert Crews Rush to KC-135 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর বেশকিছু ফুটেজের হুবহু মিল রয়েছে। উক্ত ভিডিওর বিভিন্ন ফুটেজ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাট করে আগে পেছনে যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম এবং বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি মার্কিন বিমান বাহিনীর এলার্ট ক্রুর সদস্যদের নিউক্লিয়ার অ্যালার্ট স্ক্র্যাম্বল এক্সারসাইজ নামক প্রশিক্ষণের ভিডিও। পাশাপাশি ভিডিওটি প্রচারের তারিখের দিকে লক্ষ্য করলেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এর সাথে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই।

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Venderfeed News নামের আরেকটি ইউটিউব চ্যানেলেও একই ভিডিওর একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতেও নিউক্লিয়ার অ্যালার্ট স্ক্র্যাম্বল এক্সারসাইজের কথা উল্লেখ করা হয়েছে।

সুতরাং, মার্কিন বিমান বাহিনীর নিউক্লিয়ার অ্যালার্ট স্ক্র্যাম্বল এক্সারসাইজ নামক প্রশিক্ষণের পুরোনো ভিডিওকে কাতারে ইরানের হামলার সময় সেখান থেকে মার্কিন বিমান বাহিনীর সদস্যদের পালানোর ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: