গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে “মিসাইল দিয়ে আমেরিকার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরান” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় এবং চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সাথে ভিডিওটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি একটি ভিডিও গেমের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Duzyatan 3.0’ নামক একটি ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে এটিকে যুদ্ধজাহাজ বনাম ক্রুজ মিসাইল স্ট্রাইক অপারেশনের ভিডিও হিসেবে উল্লেখ করলেও এটি কোন প্রেক্ষাপটের তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে ‘Duzyatan 3.0’ নামক পেজটি পর্যবেক্ষণে এর বায়ো থেকে জানা যায়, পেজের কনটেন্টগুলো একটি ওয়ার থান্ডার ভার্চুয়াল গেমের দৃশ্য। এছাড়া, প্রচারিত ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলেও বায়োতে উল্লেখ পাওয়া যায়।

পাশাপাশি, আলোচিত পেজটিতে অনুরূপ একাধিক ভিডিওর উপস্থিতি দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং গেমের দৃশ্য তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ভিডিও গেমসের দৃশ্যকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে আমেরিকার জাহাজে ইরানের মিসাইল হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Duzyatan 3.0: Facebook Video
- Duzyatan 3.0: Facebook Reels
- Rumor Scanner’s Analysis


