ইরানি পরিবার ৮ দিন পর রান্না করা খাবার খাচ্ছে দাবিতে ফিলিস্তিনি পরিবারের পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি ‘ইরানে ৮ দিন পর রান্না করা খাবার খেলো এই পরিবার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২ লক্ষ ৫০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৭ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৪ হাজার বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনার নয় এবং এটি ইরানে ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এক ফিলিস্তিনি পরিবারের দীর্ঘদিন পর রান্না করা খাবার খাওয়ার দৃশ্যকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ইরানের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০১ নভেম্বর ‘২২ দিন পর ভাত খেলো এক ফিলিস্তিনি পরিবার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একাধিক অংশ সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০১ থেকে ০০:০৮ এবং ০০:৪০ থেকে ০০:৪৫ পর্যন্ত, এই দুইটি অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংযুক্ত করার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধানীতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাস। এরপর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তারা। পর্যাপ্ত ত্রাণের অভাবে দিনের পর দিন খাদ্যাভাবে রয়েছে অনেকে। তেমনি খান ইউনিসের শিবিরে আশ্রয় নেওয়া মোহাম্মদ জাকির আল-সাইদী ও তার সন্তানরা প্রায় ২২ দিন পর রান্না করা খাবার খেয়েছেন।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ইরানের কোনো পরিস্থিতির দৃশ্য নয়।

পরবর্তীতে, এ বিষয়ে ইনডিপেন্টেন্ড টিভি এবং ব্রিটিশ সংবাদপত্র মেট্রোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ইরানি পরিবারের ৮ দিন পর রান্না করা খাবার খাওয়ার দৃশ্য দাবিতে ২০২৩ সালের ফিলিস্তিনি শরণার্থী পরিবারের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: