সম্প্রতি, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদিকে উদ্ধৃত করে ‘শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাকে ফোন করেছেন এবং হামলার নিন্দা জানিয়েছেন। এর বাইরে কেউ আমাদের সঙ্গে যোগাযোেগ করেনি। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে আমরা এটা প্রত্যাশা করি। […] যুদ্ধ একসময় শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন দেশের আমাদের সঙ্গে করা আচরণগুলো মনে থাকবে’ শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুনএখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদিকে ফোনকলে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন উল্লেখ করে জলিল রহিমি জাহানাবাদি কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। এমনকি, গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
উল্লেখ্য, গত ০৩ এপ্রিল ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল ওয়ানের সাথে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির একটি সাক্ষাৎকার আয়োজিত হয়। উক্ত সাক্ষাৎকারটির ১২:২২ থেকে শুরু হওয়া অংশে ১২:৪৩ এ একজনের ভয়েস-ওভারের মাধ্যমে ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য বলে উল্লেখ করা হয় যে, “কিন্তু শুধু বাংলাদেশের জামায়াতের আমীর আমাকে ফোন করেছে এবং হামলার নিন্দা জানিয়েছে। এবং আমাদের সহানুভূতি জানিয়েছেন। এবং এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি”।
উক্ত সাক্ষাৎকারটির এই অংশের বক্তব্যটি ব্যবহার করে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের স্থলে শেখ হাসিনার নাম ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদিকে উদ্ধৃত করে প্রচারিত আলোচিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel One – চ্যানেল ওয়ানের মুখোমুখি হয়ে কী বললেন ইরানের রাষ্ট্রদূত


