চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শিশুর খাদ্য সংগ্রহের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এতে ইরানে চলমান সংঘাতের কারণে মানুষের খাবারের জন্য কষ্ট করার দৃশ্য দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে গাজায় খাদ্য সংকটের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৭ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, সে সময় গাজায় খাদ্য সংকট প্রকট হয়ে উঠেছিল। এনবিসি নিউজ গাজায় খাদ্যের জন্য মরিয়া লড়াইয়ের এক অন্তরঙ্গ চিত্র তুলে ধরে এই ভিডিওতে, যেখানে এই সংকট শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খান ইউনিসের একটি লঙ্গরখানায় দেখা যায়, মানুষের ভিক্ষা চাওয়ার ভিড়ে শিশুরা দিশেহারা হয়ে পড়ছে।
সুতরাং, গাজায় ২০২৪ সালের খাদ্য সংকটের পুরোনো ভিডিওকে ইরানের মানুষ খাবারের জন্য কষ্ট করছে দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NBC News: YouTube Video


