রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার দৃশ্য দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে, গত ৩ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও ড্রোন হামলার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার দৃশ্য দাবিতে একটি ছবি একাধিক অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: বার্তা বাজার, ঢাকা টাইমস, দৈনিক সকাল (ফেসবুক)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার ঘটনা সত্য। তবে আলোচিত ছবিটি ওই ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে উক্ত ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলায় দূতাবাস কমপ্লেক্সে সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে। তবে এ ঘটনাকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও আলোচিত ছবিটি সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে বা আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কোনো গণমাধ্যমে প্রচারিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে কয়েকটি অসামঞ্জস্যতা দেখা যায়, যা ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। পরবর্তীতে বার্তা সংস্থা এএফপির ইউটিউব চ্যানেলে হামলার পরবর্তী পরিস্থিতির একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা ক্ষয়ক্ষতির চিত্রের সঙ্গে আলোচিত ছবির কোনো মিল পাওয়া যায়নি। এছাড়া গুগল আর্থের উপগ্রহচিত্রের সঙ্গে ছবিটির তুলনা করেও দেখা যায়, ছবিতে দেখানো ভবনের তুলনায় প্রকৃত দূতাবাস কমপ্লেক্সটি আকারে অনেক বড় এবং অনেক বেশি এলাকা জুড়ে বিস্তৃত।

পরবর্তীতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। 

সুতরাং, সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: