রিয়াদে হায়াত রিজেন্সি হোটেল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সৌদি আরবের রিয়াদের হায়াত রিজেন্সি হোটেল লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবের রিয়াদে হায়াত রিজেন্সি হোটেল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইরান কর্তৃক সৌদি আরবের রিয়াদে এবং তার পূর্বাঞ্চলে হামলা চালানোর তথ্য পাওয়া গেলেও রিয়াদের হায়াত রিজেন্সি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে সৌদি আরবের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নো রিউমারস এর প্রতিষ্ঠাতা রায়ান আদিলের সাথে যোগাযোগ করলে তিনিও রিউমর স্ক্যানারকে জানান, হোটেলটিতে হামলার খবর সঠিক নয়।

তাছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে কাঠামোগত বেশকিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। এছাড়াও, আগুনের ধোঁয়া এবং ভবনের আশেপাশের কাঠামোর সাথেও অসামঞ্জস্যতা লক্ষ্য করা, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। 

এছাড়াও, ‘হাইভ ডিটেক্ট’সহ একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ছবিটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

সুতরাং, সৌদি আরবের রিয়াদে হায়াত রিজেন্সি হোটেল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: