গতকাল (৭ জুলাই) ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয় মিশর। এরই প্রেক্ষিতে ম্যাচ শুরুর আগে খেলাধুলা বিষয়ক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন ইউটিউবার ও স্ট্রিমার ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র ওরফে আইশোস্পিড এর আর্জেন্টিনার জার্সি পরা এক ছবি প্রচার করে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন দিচ্ছেন আইশোস্পিড।

এরূপ দাবিতে ক্রিকফ্রেঞ্জির ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ক্রিকফ্রেঞ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ক্রিকফ্রেঞ্জির এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গতকাল (৭ জুলাই) আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ উপলক্ষে আইশোস্পিডের আর্জেন্টিনার জার্সি পরার ছবি নয়। প্রকৃতপক্ষে আইশোস্পিড ২০২৫ সালের জানুয়ারিতে আর্জেন্টিনায় যান এবং সে সময়কার ছবি এটি।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘AZR’ নামক একটি ফুটবল ভিত্তিক ফেসবুক পেজে ২০২৫ সালের ২২ জানুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় স্পিডের নানা ছবির কোলাজ পাওয়া যায় এবং এতে সংযুক্ত শেষ ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল পাওয়া যায়। এ বিষয়ে ‘AZR’ এর ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, স্পিড তার জন্মদিনে আর্জেন্টিনায় ঘুরতে গিয়েছেন।

এছাড়াও, একই ছবি একই দাবিতে আরো নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারিতে প্রচার হতে দেখা যায়।
পাশাপাশি, অনুসন্ধানে স্পিডের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২১ জানুয়ারিতে সরাসরি সম্প্রচারিত হওয়া এক ভিডিওতে একই জার্সি পরে স্পিডকে আর্জেন্টিনায় ঘুরতে দেখা যায়।
এদিকে স্পিড তার ইউটিউব চ্যানেলে গতকাল (৭ জুলাই) আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ উপভোগ করাকালীন সময়ে ধারণকৃত তার নিজের ভিডিও সরাসরি সম্প্রচার করেছেন। এসময় স্পিডকে মিশরের জার্সি পরে মিশরকে সমর্থন দিয়ে ম্যাচটি উপভোগ করতে দেখা যায়।
সুতরাং, গতকাল (৭ জুলাই) আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ উপলক্ষে আইশোস্পিডের আর্জেন্টিনার জার্সি পরার ছবি দাবিতে ২০২৫ সালের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- AZR – Facebook Post
- instatroll_football – Threads Post
- IShowSpeed – YouTube Video
- IShowSpeed – YouTube Video


