মার্কিন ইউটিউবার আইশোস্পিড ক্রিস্টিয়ানো রোনালদোর একজন বড় ভক্ত হিসেবে পরিচিত। সম্প্রতি চলমান বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো আইশোস্পিডকে আর্জেন্টিনার একটি জার্সি দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক নারী লিওনেল মেসির নাম লেখা আর্জেন্টিনার একটি জার্সি স্পিডের দিকে ছুড়ে দেন। স্পিড ওপরে তাকিয়ে হাসেন, থাম্বস আপ দেখান, কিন্তু জার্সিটি ধরার কোনো চেষ্টা করেননি। একপর্যায়ে জার্সিটি মাটিতে পড়ে যায়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইশোস্পিডকে উদ্দেশ্য করে মেসির জার্সি ছুড়ে দেওয়া নারী মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নন। প্রকৃতপক্ষে, ওই নারীর নাম মেলিসা অর্টিজ। তিনি সাবেক ফুটবলার ও স্পোর্টস বিশ্লেষক।
এ বিষয়ে অনুসন্ধানে স্পেনভিত্তিক দৈনিক ক্রীড়া পত্রিকা মার্কার ওয়েবসাইটে গত ২৩ জুন আলোচিত ভিডিওটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপের এক ম্যাচে সাবেক ফুটবলার ও বিশ্লেষক মেলিসা অর্টিজ আইশোস্পিডের দিকে মেসির নাম লেখা আর্জেন্টিনার একটি জার্সি ছুড়ে দেন। স্পিড সেটি ধরার চেষ্টা না করে হাসেন, থাম্বস আপ দেখান এবং হেঁটে চলে যান।

স্প্যানিশ ভাষার ক্রীড়া গণমাধ্যম টিউডিএনে গত ২৪ জুন প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ভিডিওটি নিয়ে বলা হয়, আইশোস্পিডকে জার্সিটি দিয়েছিলেন ফক্স স্পোর্টস বিশ্লেষক ও সাবেক কলম্বিয়ান ফুটবলার মেলিসা অর্টিজ। ঘটনাটিকে কেন্দ্র করে অনলাইনে বিভ্রান্তিও ছড়ায়; অনেকে মেলিসা অর্টিজকে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ভেবে বসেন।
উল্লিখিত প্রতিবেদনগুলো অনুযায়ী, স্পিডকে মেসির জার্সি দেওয়া নারীর নাম মেলিসা অর্টিজ। বিষয়টির সূত্র ধরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে সেখানে থাকা ছবি ও ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা নারীর চেহারার মিল পাওয়া যায়।
সুতরাং, ইউটিউবার আইশোস্পিডকে মেলিসা অর্টিজের মেসির জার্সি দেওয়ার ভিডিওকে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর জার্সি দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


