‘গণভোট নিয়ে মাতামাতি করলে পুলিশ হত্যার বিচার করব’ বলে মন্তব্য করেননি ইশরাক হোসেন

সম্প্রতি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচার করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচার করব’ শীর্ষক মন্তব্য করেননি ইশরাক হোসেন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলেও বিশ্বস্ত কোনো মাধ্যমে দাবিটির সমর্থনে তথ্যপ্রমাণ মেলেনি। এছাড়া, ইশরাক হোসেনের ফেসবুক পেজেও এ ধরনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘বাংলা ভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ মার্চ আলোচিত দাবিতে একটি ফটোকার্ড পোস্ট হতে দেখা যায়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ইশরাক হোসেন ‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচার করব’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Rumor Scanner’s analysis
GojobVision – Facebook Post

Share: