খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ইশরাক হোসেনের বক্তব্য দাবিতে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনকে উদ্ধৃত করে ‘চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে মির্জা আব্বাস ও মির্জা ফখরুল এর দন্ধে বেগম খালেদাজিয়ার লাশ দাপন সম্পন্ন হয়নি এক মাসেও। আক্ষেপ করে বললেন: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজি প্রসঙ্গে বিএনপির মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে এবং খালেদা জিয়ার বিষয়ে ইশরাক হোসেনের বক্তব্য দাবিতে বাংলাভিশন এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। এছাড়া, ইশরাক হোসেনও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৮ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত খালেদা জিয়ার ছবি, তারিখ ও বাংলাভিশনের লোগোর মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে মির্জা আব্বাস ও মির্জা ফখরুল এর দন্ধে বেগম খালেদাজিয়ার লাশ দাপন সম্পন্ন হয়নি এক মাসেও। আক্ষেপ করে বললেন: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন’ সূচক শিরোনামটি বসিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ইশরাক হোসেন এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
বাংলাভিশন ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, খালেদা জিয়ার বিষয়ে মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ইশরাক হোসেনের বক্তব্য দাবিতে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- BanglaVision – Facebook Page
- BanglaVision – Website
- BanglaVision – YouTube Channel
- BanglaVision – Facebook Post
- Ishraque Hossain – ইশরাক হোসেন – Facebook Page

