ইশরাক হোসেনকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১৭ ফেব্রুয়ারি, ‘সংবিধান সংস্কার শপথ অনুষ্ঠানে বি এন পি যোগ দিবেনা যেনে, বাবার কথা মনে করে, সে-ইচ্ছায় নিজ দলের সা 12 শপথ অনুষ্ঠানে না এসে, জামায়াতের সাথে শপথ নিলেন ইসরাক।’ শীর্ষক দাবিতে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইশরাক হোসেনকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, আমার দেশের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় ইশরাক হোসেন বিএনপির সাথে শপথ না নিয়ে জামায়াতের সংসদ সদস্যদের সাথে শপথ নিয়েছেন- এমন দাবিও সঠিক নয়।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১৭ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা-৬ আসনে নবনির্বাচিত ইশরাক হোসেন দেরিতে আসায় সংসদ সদস্যদের সাথে শপথ না নিতে পারায় জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও শপথ নেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন । এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন ও রুমিন ফারহানা। তারা বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এর আগে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা।

সুতরাং, ইশরাক হোসেনের জামায়াতের সাথে শপথ নেওয়া প্রসঙ্গে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: