শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে নিরাপদ ছিল শীর্ষক মন্তব্য করেননি ফখরুল, সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দাবিতে “শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের” শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের” শীর্ষক তথ্যে বা শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২২ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও একাত্তর টিভির ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২২ নভেম্বর একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘‘হাসিনার সময়ে খুতবা কী হবে, তা কাগজে লিখে পাঠানো হতো’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদনেও মির্জা ফখরুলকে একই বক্তব্য দিতে দেখা যায়।

বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২২ নভেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের উদ্যোগে ‘ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষায় কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনের অগ্রণী ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উক্ত বক্তব্য দেন।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর “শেখ হাসিনার সময়ে ইসলাম সবচেয়ে বেশি নিরাপদ ছিল, বিকৃত হতো না, সঠিক ব্যাখ্যা হতো ইসলামের” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: