ইসলামী আন্দোলনের কাছে ১২০ আসন চায় জামায়াত দাবিতে এনপিবি নিউজকে জড়িয়ে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি “ইসলামী আন্দোলনের কাছে ১২০ আসন চায় জামায়াত” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম এনপিবি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ইসলামী আন্দোলনের কাছে ১২০ আসন চায় জামায়াত” শিরোনামে এনপিবি নিউজ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে এনপিবি নিউজের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২৪ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে এনপিবি নিউজের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও এনপিবি নিউজের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২৪ নভেম্বর এনপিবি নিউজের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘জামায়াতের কাছে ২০০ আসন চায় ইসলামী আন্দোলন’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘ইসলামী আন্দোলনের কাছে ১২০ আসন চায় জামায়াত’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, এনপিবি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে দুই দলের নেতাদের বরাত দিয়ে আসন সমঝোতা সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা ও মতামতের বিষয়ে উল্লেখ করা হয়। তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গণমাধ্যমে ‘জামায়াতের কাছে ২০০ আসন চায় ইসলামী আন্দোলন’ শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিষয়েও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, “জামায়াতের কাছে ২০০ আসন চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ” শিরোনামে যে ফটোকার্ড প্রচারিত হয়েছে তা অসত্য এবং ভুল তথ্যের ওপরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মিত।
দলটি বলছে, “আমরা মনে করছি, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এই ধরণের অপপ্রচার করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের তিনশ আসনেই প্রার্থী ঘোঘণা করেছে। জামায়াতে ইসলামীও তিনশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আন্দোলনরত আটদলের অন্যরাও বহুসংখ্যক আসনে প্রার্থী ঘোষণা করে কাজ চালিয়ে যাচ্ছে। আসনভিত্তিক একক প্রার্থী দেয়ার লক্ষ্যে আটদলের লিয়াজো কমিটি কাজ করছে। এখানে একদল আরেক দলের কাছে আসন চাওয়া বা একদল আরেকদলকে আসন দেয়ার সংবাদ একটি অবান্তর সংবাদ।”
সুতরাং, “ইসলামী আন্দোলনের কাছে ১২০ আসন চায় জামায়াত” শিরোনামে এনপিবি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- NPB News : Facebook Post

