ভারতের মসজিদের ভেতর ইসলামী বইয়ে হিন্দুদের অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে নেপালের ভিডিও প্রচার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে ‘মসজিদের ভেতর মূল্যবান ইসলামী বইয়ে অগ্নিসংযোগ উগ্র হিন্দুত্ববাদীদের’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন- ইনকিলাব।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি এই ভিডিও প্রকাশ হওয়া অবধি প্রায় ৫ লক্ষবার দেখা হয়েছে। এছাড়া, প্রায় ৪৬ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং প্রায় ৭ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের নয়। প্রকৃতপক্ষে, নেপালের গৌড়ের মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
একই দাবিতে ২০২৬ সালের এপ্রিল মাসে ভিডিওটি প্রচার করা হলে সেসময় দাবিটি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

