আজ (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট’ নামক একটি ফেসবুক পেজ থেকে যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ একাধিক ব্যক্তির এক ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ আমার জামিন মঞ্জুরের পরদিনই কারামুক্তি পাওয়ায় বিচারকদের ধন্যবাদ জানাই। আইনের শাসন ও ন্যায়বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি, বিশ্ব বাটপার ইউনূসের অপশাসনে গ্রেপ্তারকৃত সকল রাজবন্দী সহ সব নাগরিকদের ক্ষেত্রে একই ন্যায়বিচার নিশ্চিত হবে।’
অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন পরবর্তী দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন পরবর্তী দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি অন্তত ৩ বছর পুরোনো এবং সম্রাটের এখনও জামিন হয়নি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি প্রচার করা পেজটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পেজটি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছবি ও নামে পরিচালনা করা হচ্ছে। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের ক্যাপশনের ভাষা অনুযায়ী দাবি করা হয়েছে এটি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আসল ফেসবুক পেজ।

ফেসবুক পেজটির ‘ট্রান্সপারেন্সি’ বিভাগ পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি গত ১৬ মে তারিখে ‘ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট’ নামে তৈরি করা হয়েছে এবং সেদিনই পেজটির নাম পরিবর্তন করে ‘তিলোত্তমা শিকদার’ নাম রাখা হয়। যা পরবর্তীতে আবার গত ১৮ মে তারিখে পরিবর্তন করে ‘ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট’ করা হয়। পেজটির ফলোয়ার সংখ্যা ৫০০এরও কম এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ বা যুবলীগের সাথে সংশ্লিষ্ট কোনো শীর্ষস্থানীয় নেতাকে পেজটি সম্রাটের আসল পেজ দাবিতে প্রচার করতে দেখা যায়নি। উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে পেজটি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নামে পরিচালিত হলেও এটি আদতে একটি ভুয়া পেজ।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Suo Moto WoN’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৯ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও পাওয়া। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে ইউটিউব পোস্টটিতে বলা হয়েছে, ‘নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আদালতে যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট’।

পরবর্তীতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন হয়েছে কি না এ বিষয়ে অনুসন্ধানে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র ওয়েবসাইটে গত ২৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সম্রাটকে গত ২৫ ফেব্রুয়ারিতে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে আসামির অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়াও, অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি স্টার’ এর ওয়েবসাইটে গত বছরের ২৮ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৮ অক্টোবর ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন পাওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন পরবর্তী দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Suo Moto WoN – YouTube Video
- BSS NEWS – দুর্নীতি মামলায় যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- The Daily Star – সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
- Rumor Scanner’s analysis


