ইসরায়েল ছেড়ে ইহুদিদের পালানোর দাবিতে মিশরের উট দৌড় প্রতিযোগিতার ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলার ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ইসরায়েল ছেড়ে ইহুদিরা পালাচ্ছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, অসংখ্য গাড়ি দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি ইহুদিদের ইসরায়েল থেকে পালিয়ে যাওয়ার কোনো দৃশ্যের নয় এবং এটি সাম্প্রতিক সময়ের ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি মিশরের সিনাই উপদ্বীপে বসবাসকারী বেদুইনদের একটি উট দৌড় প্রতিযোগিতার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর @a_b_d__f70 নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। উক্ত ভিডিওটির সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওর দৃশ্যাবলির সম্পূর্ণ মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে উল্লেখ ছিল যে, এটি সিনাইয়ের বেদুইনদের প্রতিযোগিতার ভিডিও এবং এর স্থান হিসেবে উল্লেখ করা হয় সিনাই, মিশর।

ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে শুধু গাড়িই নয়, একাধিক উটও গাড়ির সঙ্গে সমান্তরালভাবে দৌড়ে এগিয়ে যাচ্ছে।

গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে এই একই ভিডিও প্রচার করে দাবি করা হয় এটি পূর্ব সিরিয়ায় সৃষ্ট উত্তেজনার একটি দৃশ্য, যেখানে কুর্দি-অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF) আবু মোহাম্মদ আল-গোলানির বাহিনীর বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই দাবির পরিপ্রেক্ষিতে ২৬ ডিসেম্বর Misbar নামের একটি ফ্যাক্ট-চেকভিত্তিক ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত ভিডিওটি সিনাই উপদ্বীপ, মিশরে ধারণ করা একটি উট দৌড় প্রতিযোগিতার ভিডিও। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উট দৌড় শত বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী খেলা, যা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে পালিত হয়ে আসছে। এই খেলায় জকিরা (চালক) একটি বৃত্তাকার ট্র্যাকে নির্দিষ্ট সংখ্যক ল্যাপ বা চক্কর দিয়ে উট ছুটিয়ে নিয়ে যান।
সুতরাং, ইহুদিরা ইসরায়েল ছেড়ে পালাচ্ছে এই দাবিতে মিশরের উট দৌড় প্রতিযোগিতার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- a_b_d__f70 – Tiktok Video
- Misbar – Video Shows Camel Race in Sinai, Unrelated to Unrest in Syria

