ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিয়ে মৃত্যুদণ্ড প্রদানের ভিডিও নয় এটি

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে শক দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে একটি ভিডিও প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে শকের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত Ripley’s Believe It Or Not নামের একটি জাদুঘরের বৈদ্যুতিক চেয়ারের মডেলের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে osama hassan নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, এটি লন্ডনের পিকাডিলি স্কোয়ারে অবস্থিত Believe It or Not নামের একটি জাদুঘরের ভিডিও। জাদুঘরটিতে বিশ্বের প্রায় সকল ধরনের আশ্চর্যজনক জিনিসের অনুকরণে তৈরি মডেল রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবরণে। ভিডিওতে দেখতে পাওয়া বৈদ্যুতিক চেয়ারটি ব্রিটিশ শাসনামলে কীভাবে অপরাধীদের বৈদ্যুতিক শকের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হতো সেটির অনুকরণে তৈরি করা হয়েছে। এছাড়াও বিবরণ থেকে জানা যায়, জাদুঘরে দেখতে পাওয়া এমন অধিকাংশ মডেলই মোমের তৈরি।
অনুসন্ধানে একই বৈদ্যুতিক চেয়ারের একটি ছবির সন্ধান পাওয়া যায় স্টক ছবি ও ভিডিও সরবরাহকারী ওয়েবসাইট Alamy তেও।

সেখান থেকে জানা যায়, উল্লিখিত জাদুঘরের নাম হচ্ছে, Ripley’s Believe It Or Not Museum. এছাড়াও অনুসন্ধানে জানা যায়, জাদুঘরটি ১৯১৮ সাল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে জাদুঘরটিতে ৩০ হাজারেরও অধিক এমন আশ্চর্যজনক বস্তু প্রদর্শনীর জন্যে রয়েছে।
পরবর্তীতে osama hassan নামের ওই ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে সেসময় তার Ripley’s Believe It Or Not Museum পরিদর্শনের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পাশাপাশি অনুসন্ধানে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও একই বৈদ্যুতিক চেয়ারের ভিডিও প্রচারিত হতে দেখা যায়। সেগুলোতেও Ripley’s Believe It Or Not Museum-এর কথা উল্লেখ করা হয়েছে। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, জাদুঘরের বৈদ্যুতিক চেয়ার মডেলের ভিডিওকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে শক দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- osama hassan Youtube Channel: بشاعة عملية الاعدام بالكرسي الكهربائي *_*
- Alamy Website: Ripley’s Believe It Or Not museum
- osama hassan Youtube Channel: متاهة المرايا بلندن Mirror Maze رهيبه !
- Rumor Scanner’s Analysis

