ইরানের মসজিদে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা দাবিতে মিশরের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি ‘আবারও এশার নামাযে সিজদারত অবস্থায় ইরানের মসজিদে হামলা করলো USA/ইসরাইল যৌথ বাহিনী…’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কোনো ঘটনার নয় এবং এটি ইরানেও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে মিশরের আসিউত গভর্নরেটের শেখ আলম এল-দিন মসজিদে সংঘটিত অগ্নিকাণ্ডের দৃশ্যকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন ইরানের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে بوابة أحداث اليوم’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি আসিউতের মানফালুত সেন্টারে শেখ আলম এল-দীন মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকালীন কোনো পরিস্থিতির দৃশ্য নয়।

উক্ত সূত্র ধরে একই তারিখে Assiut Governorate নামক ফেসবুক পেজে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মিশরের আসিউত গভর্নরেটের মানফালুতে অবস্থিত শেখ আলম এল-দিন আল-রাবাত মসজিদে আগুন লাগার ঘটনার দৃশ্য। উল্লিখিত অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।

পরবর্তীতে, মিশরের নিউজ পোর্টাল Masrawy এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ইরানের মসজিদে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা দাবিতে ২০২২ সালে মিশরের মসজিদে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: