ইসরায়েলের আকাশে হাজারো ‘কাকের ঝাঁক’ দাবিতে গণমাধ্যমে পুরোনো ছবি-ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের আকাশে ‘হাজার হাজার কালো কাক’ দেখা গেছে দাবিতে একটি ভিডিও ও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রথম ভিডিও যুক্ত করে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: ফেস দ্যা পিপল, যুগান্তর, এটিএন নিউজ, বাংলা টিভি, গ্লোবাল টিভি, বিডিনিউজ২৪, এশিয়া পোস্ট, দ্য নিউজ, ইত্তেফাক, দেশ টিভি।
একই ভিডিও যুক্ত করে সামাজিক মাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন: ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম।
দ্বিতীয় ভিডিও যুক্ত করে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: ইত্তেফাক।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিও ও ছবিটি তেল আবিব বা ইসরায়েলের সাম্প্রতিক কোনো ঘটনার নয়। যদিও ইসরায়েলের আকাশে সম্প্রতি পাখির ঝাঁক দেখা যাওয়ার কিছু তথ্য পাওয়া গেছে, তবে ভাইরাল হওয়া ভিডিওটি ২০২৪ সালের এবং ছবিটি ২০২২ সালের। দুটিই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুরোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত।
অনুসন্ধানের সুবিধার্থে ভিডিও ও ছবিটি আলাদাভাবে যাচাই করা হয়েছে।
ভিডিও যাচাই
এই ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘beasty_1985’-এ একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়, টেক্সাসের একটি সুপারমার্কেটের পার্কিং লটে প্রায় ১,০০০ পাখির ঝাঁক নেমে আসে।

এ বিষয়ে পিপল ম্যাগাজিনে ২০২৪ সালের ৪ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২ জানুয়ারি টেক্সাসের সাইপ্রেসে একটি শপিং সেন্টারের পার্কিং লটে শত শত গ্রেট-টেইলড গ্র্যাকল পাখি জড়ো হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির ধারণ করা ভিডিও ও অভিজ্ঞতার বর্ণনা প্রতিবেদনে তুলে ধরা হয়। একই ধরনের তথ্য পাওয়া যায় ফক্স ওয়েদারের প্রতিবেদনেও।
অর্থাৎ, ভিডিওটি ইসরায়েলের নয়। এটি টেক্সাসের পুরোনো একটি দৃশ্য।
ছবি যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে ২০২২ সালের ৫ জানুয়ারি ‘AceProGaming’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবির মিল রয়েছে।

এ বিষয়ে নিউজউইকে ২০২২ সালের ৭ জানুয়ারির এক প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের মেস্কুইট শহরের একটি ওয়ালমার্টের পার্কিং লটে হাজার হাজার পাখি নেমে এসেছিল। এতে অনেক ক্রেতা ভয় পেয়ে গাড়ি থেকে নামতে পারেননি। ডেনিস মেহিক নামের এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। ভিডিওতে দেখা যায়, পাখিগুলো তার গাড়ির ওপর বসছে এবং কাচে মল ফেলছে। পরবর্তী সময়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ওই পাখিগুলো কাক নয়, বরং গ্রেট-টেইলড গ্র্যাকল।
প্রতিবেদনে ‘@denisdina12’ নামের একটি টিকটক অ্যাকাউন্টের উল্লেখ এবং একটি লিংক দেওয়া হয়েছে। লিংকটিতে প্রবেশ করলে ‘AceProGaming’ নামের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ছবিটি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি পুরোনো ভিডিও থেকে নেওয়া।
ইসরায়েলের আকাশে কি সত্যিই ‘কাকের ঝাঁক’ দেখা গেছে?
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘Secret Tel Aviv’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Eithan Kachler’ নামের এক ব্যবহারকারী গত ১৮ মার্চ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে আকাশে কালো রঙের কিছু পাখিকে উড়তে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে হিব্রু ভাষায় তিনি লেখেন, “কেউ কি এই দৃশ্য আরও ভালো মানে ধারণ করেছেন?” পোস্টের মন্তব্যঘরে অন্য ব্যবহারকারীদেরও একই ঘটনার আরও কিছু ভিডিও শেয়ার করতে দেখা যায়।
অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ওই ব্যবহারকারী তেল আবিবের বাসিন্দা।
এছাড়া, ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম আল-কুদস-এর ২৮ মার্চের এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের আকাশে ঘন ঝাঁকে কাক উড়তে দেখে অনেকের মধ্যে ভয় ও জল্পনা ছড়িয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি মৌসুমি চলাচল ও স্বাভাবিক ঝাঁকবদ্ধ আচরণের অংশ। এর সঙ্গে অতিপ্রাকৃত বা অশুভ কোনো সংকেতের সম্পর্ক নেই।
সুতরাং, ইসরায়েলের আকাশে হাজার হাজার কালো কাক দেখা গেছে দাবিতে গণমাধ্যমে পুরোনো ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Beasty_1985: Instagram Post
- AceProGaming: TikTok Post
- People: Hundreds of Birds Take Over Texas Parking Lot in Scene ‘Straight Out of a Hitchcock Movie’
- Newsweek: Texas Walmart Overrun by Thousands of Birds Branded Sign of ‘Apocalypse’
- Eithan Kachler: Facebook Post

