ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পর্যটকদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে শীর্ষক দাবিটি মিথ্যা 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পর্যটকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পর্যটকদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি প্রচার করে হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ইতালি এরূপ কোনো ঘোষণা দিলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো।

প্রসঙ্গত, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত সরকারি অনলাইন পোর্টাল ‘ভিস্তোপেরইতালিয়া’য় মাত্র চারটি প্রশ্নের উত্তর দিয়ে ইতালিতে আসতে ‘প্রবেশ ভিসা/Entry Visa’ লাগবে কি না তা জানার সুযোগ রয়েছে। প্রশ্ন চারটি হলো: কোন দেশের নাগরিক, কোন দেশের স্থায়ী বসবাসকারী, ইতালিতে থাকার সময়কাল এবং ভিসার উদ্দেশ্য। এটি ইসরায়েলি নাগরিকদের তথ্য দিয়ে পূরণ করলে দেখা যায়, ইসরায়েলিদের ৯০ দিন পর্যন্ত ‘প্রবেশ ভিসা’ ছাড়াই ইতালিতে থাকার সুযোগ রয়েছে। ইসরায়েলি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘাতের জেরে, গত বছরের সেপ্টেম্বরে ইতালির রিমিনি শহরে অনুষ্ঠিত একটি পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করা হয়েছিল বলে জানা যায়। তবে, ইসরায়েলি পর্যটকদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি পর্যটকদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

Share: