সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয় জামায়াতের অফিস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফটোকার্ডটির শিরোনামে বলা হয় “জামায়াতের অফিস যেন অস্ত্রের কারখানা” এবং স্থান হিসেবে লেখা ছিল এটি উল্লাপুর জামায়াতের অফিস।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির অস্ত্রগুলো জামায়াতের কোনো অফিস থেকে উদ্ধার করা হয়নি। প্রকৃতপক্ষে, গত মার্চ মাসে নড়াইলের একটি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ের একটি ছবিই বর্তমানে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম সময় টেলিভিশনের ওয়েবসাইটে গত ৫ মে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ৪ মে (রোববার) দিবাগত রাত থেকে পরদিন অর্থাৎ সোমবার সকাল পর্যন্ত নড়াইলের কলাবাড়িয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত অস্ত্র উদ্ধারের ঘটনার বিষয়ে নড়াইলের নড়াগাতি থানার ওসি মো: শরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়। তিনি জানান, কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১০টি রামদা ও ১৮টি দেশীয় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, এসব অস্ত্র নিয়ে স্থানীয় লোকজন গ্রামে প্রায়ই দ্বন্দ্ব-সংঘাতে জড়াত।
উল্লিখিত প্রতিবেদনগুলোর কোথাও ছবির অস্ত্রগুলো জামায়াত অফিস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এমন দাবি করা হয়নি।
এছাড়া, প্রচারিত পোস্টগুলোতে অস্ত্র উদ্ধারের স্থানের নাম ‘উল্লাপুর’ বলা হলেও প্রকৃতপক্ষে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে।
এছাড়া, মূলধারার কোনো গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে জামায়াতের কোনো অফিস থেকে অস্ত্র উদ্ধারের সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াতের অফিস থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy Television – নড়াইলে আগ্নেয়াস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
- BSS NEWS – নড়াইলে অস্ত্রসহ ৩ জন আটক


