ইনকিলাব মঞ্চ নয়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের-জুমার

সম্প্রতি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক ফাতিমা তাসনিম জুমা সংগঠন থেকে পদত্যাগ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের পোস্ট দেখুন ফেস দ্যা পিপল, টেবিল টক ইউকে।
একই দাবির আরো ফেসবুক পোস্ট দেখুন এখানে৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চ থেকে আবদুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমার পদত্যাগের দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই দুইজন ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে আবদুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমার এ সংক্রান্ত ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তারা দুজনই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চ পরিচালিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সেন্টারের চেয়ারম্যান পদে ছিলেন আব্দুল্লাহ আল জাবের এবং সহ-সভাপতি পদে ছিলেন ফাতিমা তাসনিম জুমা।
পদত্যাগের কারণ হিসেবে সেন্টারের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যরা ফেসবুকে লিখেছেন, হাদির পরিবারের দাবি প্রেক্ষিতে তারা ইনকিলাব কালচারাল সেন্টারের সব দলিল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুইজন ছাড়া একই সেন্টারের দায়িত্বে থাকা আরো চারজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী বাকিরা হলেন, সেন্টারের সভাপতি সালাউদ্দিন শুভ, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহিম আব্দুল্লাহ, অর্থ ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান ও উপ-নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ মিসবাহ।
দাবিটির বিষয়ে জানতে ফাতিমা তাসনিম জুমার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “মঞ্চ থেকে পদত্যাগ না, সেন্টার থেকেও পদত্যাগ আমরা করি নাই। আমরা সিদ্ধান্ত নিসি তাদের হাতে বুঝিয়ে দিবো। তাদের হাতে বুঝিয়ে দেওয়ার আগে তো কিছু প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরগুলা শেষ হলে তারপর আমরা সরে দাঁড়াবো। তবে মঞ্চ থেকে না, এটা শুধুমাত্র সেন্টার থেকে।”
সুতরাং, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের-জুমার পদত্যাগের ঘোষণাকে ইনকিলাব মঞ্চ থেকে তাদের পদত্যাগ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Statement

