কেন্দ্রীয় যুবলীগের দায়িত্ব পেয়ে জাহাঙ্গীর আলমের ভিডিওবার্তা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্ব পেয়েই নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরী বার্তা দিলেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হননি কিংবা এ ধরনের কোনো দায়িত্বও পাননি। প্রকৃতপক্ষে, পুরোনো একটি ভিডিও সংযুক্ত করে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্যের প্রমাণ মেলেনি।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘ফিরবে আবার বীরের বেশে’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বরে প্রকাশিত একই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাহাঙ্গীর আলম। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনারই।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত হননি এবং প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, পুরোনো একটি ভিডিও সংযুক্ত করে জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Awami League: Facebook Page
  • বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League: Facebook Page
  • ফিরবে আবার বীরের বেশে: Facebook Page
  • Rumor Scanner’s Analysis
Share: