জুলাই অভ্যুত্থান ইস্যুতে ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে উদ্ধৃত করে ‘২৪ এর আন্দোলনে আমার কোনো ছবি নাই কারণ আমি গুপ্ত অবস্থায় আন্দোলন করেছি: শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময়ে তার কোনো ছবি না থাকা কিংবা সে সময় তিনি গুপ্ত অবস্থায় আন্দোলন করেছেন শীর্ষক কোনো মন্তব্য করেননি জাহিদুল ইসলাম এবং আমার দেশও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে দেখা যায়, এতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৪ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের ফেসবুক পেজ ও জাহিদুল ইসলামের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে জাহিদুল ইসলামকে উদ্ধৃত করে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Bangladesh Islami Chhatrashibir- Facebook Page
- Jahidul Islam – Facebook Profile
- Rumor Scanner’s Own Analysis

