জামায়াতের জোটে একমাত্র মামুনুল হক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন শীর্ষক মন্তব্য করেননি জামায়াত আমীর

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন হিসেবে ১০টি দল নির্বাচনী জোট বা সমঝোতা করেছে যার মধ্যে রয়েছে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের জোটে একমাত্র শায়খ মামুনুল হক সাহেব এদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘আমাদের জোটে একমাত্র শায়খ মামুনুল হক সাহেব এদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে’ শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডা. শফিকুর রহমান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো। পাশাপাশি, জামায়াতে ইসলামীর অন্য কোনো কেন্দ্রীয় নেতাকেও আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
মামুনুল হকের বিষয়ে জামায়াত নেতাদের সাম্প্রতিক সময়ের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ২৯ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি জামায়াতে পক্ষ থেকে এই আসনটির সম্ভাব্য প্রার্থী ছিলেন। জামায়াতের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করায় আসনটিতে মাওলানা মামুনুল হককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ‘আমাদের জোটে একমাত্র শায়খ মামুনুল হক সাহেব এদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangladesh Pratidin – মামুনুল হককে আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের মোবারক

