জামায়াত ক্ষমতায় গেলে ১৬ বছর থেকে বিয়ে করা বাধ্যতামূলক করা হবে শীর্ষক মন্তব্য করেননি জামায়াত আমীর

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামাত ক্ষমতা গেলে ১৬ বছর থেকে বিয়ে করা বাধ্যতামূলক করা হবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে ৭ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ক্ষমতায় গেলে ১৬ বছর থেকে বিয়ে করা বাধ্যতামূলক করা হবে শীর্ষক মন্তব্য করেননি জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ এর লোগোর আদলে তৈরি ‘প্রথম আলু’ নামের একটি লোগোর সংযুক্তি পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘প্রথম আলু’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘প্রথম আলু’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজের খবরের সত্যতা ০.০১%, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ব্যঙ্গ নিউজ/ফটোকার্ড পোস্ট করে। বিশ্বাস করলে দায় আপনার, প্রথম আলু কর্তৃপক্ষ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, জামায়াত ক্ষমতায় গেলে ১৬ বছর থেকে বিয়ে করা বাধ্যতামূলক করা হবে শীর্ষক মন্তব্য জামায়াত আমীর ডা. শফিকুর রহমান করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- প্রথম আলু – Facebook Post
- Rumor Scanner’s analysis

