নির্বাচনে জামায়াতের আমীরের প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ মন্তব্য দাবিতে ‘যারা জামায়েত এর আমীরের বিরোদ্ধে নিবার্চন করবে তাদেরকে বাংলাদেশ হারাম করে দিবো: -হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে ‘DU Insiders’ লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে হাসনাত আবদুল্লাহ এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তিনি ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের জন্য বাংলাদেশ হারাম করে দিবো’ বলে মন্তব্য করেছেন।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘DU Insiders’ এর লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্রে ধরে DU Insiders নামক ফেসবুক পেজে গত ২১ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে DU Insiders এর লোগো এবং হাসনাত আবদুল্লাহর ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের জন্য বাংলাদেশ হারাম করে দিবো: -হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে DU Insiders এর উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘যারা জামায়েত এর আমীরের বিরোদ্ধে নিবার্চন করবে তাদেরকে বাংলাদেশ হারাম করে দিবো: -হাসনাত আব্দুল্লাহ’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপী থাকায় গত ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে রায় দেয় হাইকোর্ট। সেদিন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে নির্বাচন কমিশনের (ইসি) ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। উক্ত শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনকালে হাসনাত আব্দুল্লাহ (, ) তার বক্তব্যে বলেন ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপী লুটেরাদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিবো।’ তার উক্ত বক্তব্যে তিনি ‘যারা জামায়েত এর আমীরের বিরোদ্ধে নিবার্চন করবে তাদেরকে বাংলাদেশ হারাম করে দিবো’ শীর্ষক কোনো মন্তব্য করেননি।

হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ ‘যারা জামায়েত এর আমীরের বিরোদ্ধে নিবার্চন করবে তাদেরকে বাংলাদেশ হারাম করে দিবো’ মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: