বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই’ শীর্ষক মন্তব্যটি জামায়াত আমিরের নয়, ডেইলি ক্যাম্পাসের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক ক্যাপশনে ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক শিরোনামে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামায়াত আমিরও এ সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডেইলি ক্যাম্পাসের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে গত ২৬ ডিসেম্বর প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে গত ২৬ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের প্রকাশকাল, ফটোকার্ডে থাকা ছবি, শিরোনামের কিছু অংশ এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘বেকার ভা/তা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক শিরোনামের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, ডেইলি ক্যাম্পাসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

মূল ফটোকার্ড সংবলিত ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, যুবকদের বেকার ভাতা দেওয়ার ধারণায় আমরা বিশ্বাসী নই। প্রতিটি যুবকের হাতে কাজ তুলে দিয়ে দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে চাই, যাতে একজন যুবকও বেকার না থাকে।

এছাড়া, উক্ত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে ডেইলি ক্যাম্পাস কর্তৃপক্ষ তাদের পেজ থেকে একটি পোস্টও করেছে।

সুতরাং, ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক শিরোনামে জামায়াত আমিরের মন্তব্য দাবিতে ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: