ডা. শফিকুরের বিদেশ সফর এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শফিকুরকে জড়িয়ে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার


সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি যুক্ত করে গণমাধ্যম আমার দেশ এর লোগো ও ডিজাইন সংবলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এর মধ্যে একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘জামায়াতের আমিরের লন্ডনে কূটনৈতিক বৈঠকটি ভূয়া, নিজের দলের কর্মীদের সাথে বৈঠক ছিলো’।

অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘হাদীর মিশনে অকৃতকার্য, এখন আওয়ামিলীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। জামাতের আমির ডাঃ শফিক’।

আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়, ‘বিজেপির আমন্ত্রণে দিল্লি সফরে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিষয়ে আমার দেশ উল্লেখিত ফটোকার্ডগুলো প্রকাশ করেনি। এছাড়া, ভারতের রাজনৈতিক দল বিজেপির আমন্ত্রণে ডা. শফিকুর রহমান দিল্লি সফরে যাওয়ার বিষয়ে দলটির ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিগুলোতে আমার দেশের লোগো রয়েছে এবং এগুলো প্রকাশের তারিখ দুইটি ফটোকার্ডে ‘২০ ডিসেম্বর ২০২৫’ এবং একটিতে ২১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখগুলোতে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

এছাড়া, ‘জামায়াতের আমিরের লন্ডনে কূটনৈতিক বৈঠকটি ভূয়া, নিজের দলের কর্মীদের সাথে বৈঠক ছিলো’ শিরোনামে ব্যবহৃত ছবিটি ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক লন্ডন সফরের ছবি নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ১০ নভেম্বর তার লন্ডন সফরের একটি পুরোনো ছবি আলোচিত ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে। 

ডা. শফিকুর রহমান ‘হাদীর মিশনে অকৃতকার্য, এখন আওয়ামিলীগ ছাড়া কোনো নির্বাচন হবে না।’ শীর্ষক কোনো মন্তব্য করেছেন কি না নিশ্চিত হতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিগুলোর সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ভারতের রাজনৈতিক দল বিজেপির আমন্ত্রণে ডা. শফিকুর রহমান দিল্লি সফরে যাওয়ার মতো বিষয় হলে এ নিয়ে দলটির পক্ষ থেকে ঘোষণা আসতো এবং গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ডা. শফিকুর রহমানের বিদেশ সফর এবং শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: