সম্প্রতি ‘ডঃ শফিকুর রহমানের মনোনয়ন পত্র অ’বৈধ ঘোষণা।’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবিযুক্ত একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৯ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৭ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের জমা দেওয়া মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়নি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির দাখিলকৃত মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলে এ বিষয়ে গুরুত্বসহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
বরং, গণমাধ্যম The Business Standard এর ওয়েবসাইটে গত ০৩ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
রিটার্নিং কর্মকর্তা জানান, ডা. মো. শফিকুর রহমানের দাখিলকৃত সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে, একই দিনে এ বিষয়ে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Business Standard – জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
- প্রথম আলো – জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা


