হাঁটুর ওপর জামায়াত আমীরের পাজামা তুলে রাখার ছবিটি এআই দ্বারা সম্পাদিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গত ১০ জুলাই তিনি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন ও আর্থিক সহায়তা দেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় পানিতে ভেজা থেকে বাঁচতে জামায়াত আমীর তার পাজামা হাঁটুর ওপরে তুলে রেখেছেন। ছবিটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখানে কোন শরিয়ত পালন করা হলো? শরিয়তের চেয়ে একটা শুকনা পায়জামার মূল্য বেশি হয়ে গেলো?…….’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাঁটুর ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পাজামা তুলে রাখার প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ভিন্ন একটি দৃশ্য সম্পাদনা করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘Discover বাংলা’ নামের একটি ফেসবুক পেজে ‘চট্টগ্রামে বন্যার্ত ছোট্ট সোনামনিদের চকলেট খেতে হাজার টাকা দিলো আমীরে জামায়াত’ ক্যাপশনে গত ১০ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। তবে, ভিডিওতে জামায়াত আমীরের পাজামা হাঁটুর ওপর না তুলে পুরোপুরি পা আবৃত করে রাখা অবস্থায় দেখা যায়।

একইদিনে ‘Discover বাংলা’র ফেসবুক পেজে একই জায়গায় ধারণকৃত আরেকটি ভিডিওও পাওয়া যায়। উক্ত ভিডিওতেও জামায়াত আমীরকে তার পা পুরোপুরি আবৃত করে রাখতে দেখা যায়। অনুসন্ধানে জামায়াত আমীরের হাঁটুর ওপর পাজামা তুলে রাখার এরূপ কোনো ছবি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে জামায়াত আমীর, নারীর মুখভঙ্গি, আশেপাশের মানুষদের অঙ্গভঙ্গি এবং পারিপার্শ্বিক অবস্থায় অস্বাভাবিকতা ও রোবোটিক অবস্থা দেখা যায়। এরূপ অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত ছবিতে দেখা যায়। পরবর্তীতে প্রচারিত ছবি গুগলের জেমিনিতে সংযুক্ত বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID/Verify AI’ দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত।

এছাড়াও, প্রচারিত ছবি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এর সাহায্যে বিশ্লেষণ করলে ছবিটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭.৪ শতাংশ দেখা যায়।

সুতরাং, হাঁটুর ওপর জামায়াত আমীরের পাজামা তুলে রাখার ছবিটি প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।

তথ্যসূত্র

Share: