ডা. শফিকুরের নির্বাচনী জনসভার স্ক্রিপ্টেড দৃশ্য দাবিতে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার 

সম্প্রতি ‘অরিজিনাল ভিডিও পাওয়া গেছে। শালারা শ্যুটিং করে জনগনকে ধোঁকা দেয়। কেউ গালাগালি করবেন না নিজ দায়িত্বে জামায়াতের মুখোশ উন্মোচন করেন।’ ক্যাপশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত ভিডিওটিতে একটি কণ্ঠস্বর নির্দেশনা প্রদান করে এবং ‘রেডি, ক্যামেরা, এ্যাকশন’ বলতে শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির একটি অংশ বিকৃত। প্রকৃতপক্ষে, ফেনীতে জামায়াতের জনসভার ভিডিওতে একটি ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Mohammed Sakibul Hoque নামক ফেসবুক প্রোফাইলে গত ৩০ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ৩০ জানুয়ারি ফেনী সদরে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী জনসভার ফাঁকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমীরকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এটি উল্লিখিত ঘটনার দৃশ্য।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:২৮ থেকে ০১:৩০ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির ভিডিও ক্লিপের সাদৃশ্য রয়েছে। তবে, মূল ভিডিওতে মিরর ইফেক্ট ব্যবহার করে আলোচিত দাবিতে ব্যবহার করা হয়েছে; যার ফলে প্রচারিত ভিডিওতে ডান পাশের বিষয়বস্তু বামে এবং বাম পাশের বিষয়বস্তু ডানে দেখা যাচ্ছে৷

কিন্তু, উক্ত ভিডিওটির প্রথম ১৮ সেকেন্ডের অডিও ক্লিপের সাথে আলোচিত ভিডিওটির পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে, মূল ভিডিওটির ওই অংশে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘রেডি, ক্যামেরা, এ্যাকশন’ শীর্ষক অডিও ক্লিপটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, যুগান্তরের ইউটিউব চ্যানেলে গত ৩০ জানুয়ারি ‘মঞ্চ থেকে নেমে সোজা শহীদ পরিবারের কাছে চলে গেলেন জামায়াত আমির’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়৷

সুতরাং, জামায়াতের আমীরের নির্বাচনী জনসভার স্ক্রিপ্টেড দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আংশিক সম্পাদিত।

তথ্যসূত্র

Share: