ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে ডিবি-ডিজিএফআই ও তারেক রহমানকে জড়িয়ে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

কর্মজীবী নারীদের অবমাননা করে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চলছে বিতর্ক ও উত্তেজনা। তবে জামায়াত দাবি করেছে, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি জামায়াতের আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে তিনটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডের পাশাপাশি আরও দুটি ফটোকার্ড রয়েছে।

প্রথম ফটোকার্ডে (চ্যানেল ২৪) (, ) দাবি করা হয়, ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুজে পেয়েছি: ডিবি’।

দ্বিতীয় ফটোকার্ডে দাবি করা হয়, ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি : ডিবি’।

তৃতীয় ফটোকার্ডে দাবি করা হয়, ‘জামাতের আমিরের আইডি হ্যাক নেপথ্যে DGFI এবং তারেক রহমান ক্রাইম ব্রাঞ্চ’।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লক্ষ ৬০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৬ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১ হাজার বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গোয়েন্দা পুলিশকে (ডিবি) জড়িয়ে চ্যানেল২৪ এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, অন্য দুটি ফটোকার্ডের ক্ষেত্রে, স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে এবং সম্পাদনা করে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই- ১

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘০১ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের চ্যানেল২৪ এর লোগো এবং ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটির ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে অভিযোগ পেয়েছি: ডিবি’ শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুজে পেয়েছি: ডিবি’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে একই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানরেন এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। গত ০১ ফেব্রুয়ারি সাংবাদিকদের তিনি এ কথা জনান। হারুন অর রশীদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাকড হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কীভাবে করেছে তা তদন্ত করা হচ্ছে। তার বক্তব্যে ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুজে পেয়েছি’ সূচক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

চ্যানেল২৪ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

অর্থাৎ, চ্যানেল২৪ এর লোগো ও ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি করা হয়েছে।

এছাড়া, প্রচারিত ফটোকার্ডের ‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে সত্যতা খুজে পেয়েছি: ডিবি’ শিরোনামটিকে ভুয়া তথ্য বলে উল্লেখ করলেও চ্যানেল২৪ এর উক্ত সম্পাদিত ফটোকার্ডটিকে আসল দাবি করে প্রচার করা হয়েছে।

ফটোকার্ড যাচাই- ২

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Channel Ai’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Channel Ai’ নামক ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Channel Ai’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি এআই জেনারেটেড বিষয়বস্তু ব্যঙ্গ-সার্কাজমের মাধ্যমে উপস্থাপন করে বিনোদনের উদ্দেশ্যে প্রচার করে।

এ বিষয়ে গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। গত ১ ফেব্রুয়ারি সাংবাদিকদের তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে।’ তার বক্তব্যে ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি’ সূচক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ড যাচাই- ৩

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘GojobVision’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘GojobVision’ নামক ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের ‘GojobVision’ এর লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, GojobVision এর মূল ফটোকার্ডটির ‘জামাতের আমিরের আইডি হ্যাক হয়নি, তার ফোন থেকেই পোষ্ট করা হয়: ডিবি’ শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জামাতের আমিরের আইডি হ্যাক নেপথ্যে DGFI এবং তারেক রহমান ক্রাইম ব্রাঞ্চ’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

‘GojobVision’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালিত হয় এবং এতে সমসাময়িক খবর ব্যঙ্গ-সার্কাজমের মাধ্যমে উপস্থাপন করা হয়।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে জামায়াতের আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের নেপথ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিংবা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর জড়িত থাকার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে ডিবিকে জড়িয়ে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত এবং ডিবি, তারেক রহমান ও ডিজিএফআইকে জড়িয়ে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।

তথ্যসূত্র

Share: