নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমানের নামে একাধিক ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে অনলাইন প্লাটফর্ম ‘ডিউ ইনসাইডারস’ এর ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রথম ফটোকার্ডটিতে ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, ‘তারেক রহমান যদি এইভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সমাবেশ করে তাহলে নিবার্চন কমিশনকে বলতে চাই জামায়েত সহ ১০দলীয় জোটে নিবার্চন করবে কিনা ভাবতে হবে। তারেক রহমানকে থামান না হয় আমরা নিবার্চনে যাবো না।

দ্বিতীয় ফটোকার্ডটিতে ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমেরিকা আর ভারত পছন্দ করে না নিবার্চনী পোষ্টারে বিসমিল্লাহ লেখাটা। তাই আমরা জামায়েত ও ১০দলীয় জোটের সবার সাথে আলোচনা করে পোষ্টারে বিসমিল্লাহ লেখি নাই।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘ডিউ ইনসাইডারস’ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডা. শফিকুর রহমানও এমন মন্তব্য করেননি। বরং ‘ডিউ ইনসাইডারস’ এর ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে শফিকুর রহমানের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শফিকুর রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

উক্ত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডিইউ ইনসাইডার লেখা লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ২৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে৷

পরবর্তীতে, ‘DU Insiders’ নামক ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারি প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে ডিজাইনের মিল রয়েছে। তবে উক্ত ফটোকার্ডে থাকা ‘ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব: ডা: শফিকুর রহমান’ বাক্যের পরিবর্তে উক্ত ফটোকার্ডগুলোতে ‘তারেক রহমান যদি এইভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সমাবেশ করে তাহলে নিবার্চন কমিশনকে বলতে চাই জামায়েত সহ ১০দলীয় জোটে নিবার্চন করবে কিনা ভাবতে হবে। তারেক রহমানকে থামান না হয় আমরা নিবার্চনে যাবো না।’ ও ‘আমেরিকা আর ভারত পছন্দ করে না নিবার্চনী পোষ্টারে বিসমিল্লাহ লেখাটা। তাই আমরা জামায়েত ও ১০দলীয় জোটের সবার সাথে আলোচনা করে পোষ্টারে বিসমিল্লাহ লেখি নাই।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৪ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে এস এম উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দিবো। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে।’

সুতরাং, নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ডিউ ইনসাইডারস এর নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: