জামায়াতের আমীরের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মারা গেছেন দাবিতে কিছু পোস্ট ও  “ইন্তেকাল করেছেন” শিরোনামে জামায়াতের আমীরের ছবি সংবলিত কালবেলার একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

কালবেলার ফটোকার্ড সংবলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. শফিকুর রহমান মারা যাননি। কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, জামায়াতের আমীরের মৃত্যুর দাবিতে দৈনিক কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার অন্য একটি ফটোকার্ড সম্পাদনা করে তার মৃত্যুর দাবি সংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

জামায়াতের আমীর মারা গেছেন দাবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরই প্রেক্ষিতে আলোচিত দাবিটি ছড়ানো হচ্ছে। 

কালবেলার ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

কালবেলার লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, কালবেলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ২৪ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “হঠাৎ অসুস্থ জামায়াত আমির” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘হঠাৎ অসুস্থ জামায়াত আমির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ইন্তেকাল করেছেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালবেলার পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ডা. শফিকুর রহমান মারা যাওয়ার দাবিটি ভুয়া এবং উক্ত দাবিতে প্রচারিত কালবেলার ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: