রামিসার বাবাকে জামায়াত আমীর ১০ লক্ষ টাকার চেক দিয়েছেন দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার শিকার হয়। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘আলোচিত রামিসার বাবাকে ১০ লক্ষ টা’কা চেক দিলেন জামাত আমীর’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। বরং ভিন্ন একটি দৃশ্যকে ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, এ ধরনের চেক প্রদান সংক্রান্ত কোনো তথ্যও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবি রিভার্স সার্চ করলে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবি পর্যবেক্ষণ করলে চেক ধরার অবস্থা, জামায়াত আমীরের গড়, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
পাশাপাশি অনুসন্ধানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্ণেল আবদুল বাতেনের ফেসবুক পেজে গত ২০ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘নি*র্মম ভাবে হ*ত্যার স্বীকার শিশু রামিশার পরিবারের সঙ্গে দেখা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য, কর্নেল আব্দুল বাতেন (অব.)’। উক্ত ভিডিওতে প্রদর্শিত কর্ণেল আব্দুল বাতেনের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত জামায়াত আমীরের পরিহিত পোশাকের ডিজাইন ও ঘরের অবস্থার মিল পাওয়া যায়।

আলোচিত দাবিতে প্রচারিত ছবি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ দিয়ে বিশ্লেষণ করলে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ দেখা যায়।
পরবর্তীতে জামায়াত আমীরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গত ২০ মে তারিখে রামিসাকে নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি রামিসার কাছে মানবতা লজ্জিত বলে উল্লেখ করেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চান বলে জানান। তবে পোস্টে রামিসার পরিবারের সাথে দেখা করার কোনো ছবি বা ভিডিওর সংযুক্তি পাওয়া যায়নি। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২০ মে হজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জামায়াত আমীর। এছাড়া, বিশ্বস্ত কোনো সূত্রে রামিসার বাবাকে জামায়াত আমীরের চেক প্রদান করার তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, রামিসার বাবাকে জামায়াত আমীরের ১০ লক্ষ টাকার চেক দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
তথ্যসূত্র
- Colonel Abdul Baten – Facebook Post
- Hive Detect
- Dr. Shafiqur Rahman – Facebook Post
- Bdnews24 – হজ করতে গেলেন জামায়াত আমীর

