জামায়াত-বিএনপি প্রসঙ্গে আসাদুজ্জামানকে উদ্ধৃত করে কালবেলার নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক কালবেলা একটি নিউজ ফটোকার্ড প্রচারিত হয়। যাতে দাবি করা হয়, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, “রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই কিন্তু দিনশেষে জামায়াত এবং বিএনপি দুই পিতার এক পুত্র।”

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই কিন্তু দিনশেষে জামায়াত এবং বিএনপি দুই পিতার এক পুত্র।’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম কালবেলার লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালবেলার ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২৫ এপ্রিল কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই কিন্তু দিনশেষে জামায়াত এবং বিএনপি দুই পিতার এক পুত্র: আইনমন্ত্রী।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে পথ ধরে হাঁটতে চাই। রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য আমাদের ভাবনা সকলের ভাবনা মানুষের উন্নয়নকে নিয়েই। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবো।

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই কিন্তু দিনশেষে জামায়াত এবং বিএনপি দুই পিতার এক পুত্র’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: