“৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না” শীর্ষক বক্তব্যদাতা বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী নয়

সম্প্রতি, “৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না” শীর্ষক বক্তব্যদাতা জনৈক আফজাল হোসেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বলে দাবি করা হয়েছে ভারতের একাধিক গণমাধ্যমে।

উক্ত দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ, নিউজ১৮, জাগরণ, নিউজ এক্স, সিএনএন নিউজ১৮।
একই দাবির পোস্ট দেখুন ফেসবুক, এক্স, থ্রেডসে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না” শীর্ষক বক্তব্যদাতা জনৈক আফজাল হোসেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বলে যে দাবি করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত আসনে জামায়াতের প্রার্থী ডাঃ সুলতান আহমদ। তার জনসভায় আলোচিত বক্তব্য দেন আফজাল হোসেন নামের ওই ব্যক্তি, যিনি উক্ত সভাতেই জামায়াতে যোগ দেন।
এ বিষয়ে অনুসন্ধানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীগণের তথ্য ও হলফনামা’ অংশে বরগুনা-২ আসনের প্রার্থী তালিকা যাচাই করে দেখা যায়, উক্ত আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ সুলতান আহমদ। উক্ত তালিকায় আফজাল হোসেন নামে কোনো প্রার্থীর নাম পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ২৩ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়, যেখান থেকে জানা যায়, বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনি জনসভায় ‘৮০ ভাগ মুসলমানের এই দেশে কোনো বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না’—এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ ডিসেম্বর নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিন রাত পৌনে ৭টার দিকে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় এমন বক্তব্য দেন আফজাল হোসেন নামের এক ব্যক্তি। জনসভা চলাকালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর জনসভায় এমন বক্তব্য দেন তিনি।
দেশের একাধিক গণমাধ্যম (সময় টিভি, ইত্তেফাক) সূত্রেও একই তথ্য জানা যাচ্ছে।
সুতরাং, “৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না” শীর্ষক বক্তব্যদাতা জনৈক আফজাল হোসেন বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী বলে যে দাবি করা হয়েছে; তা মিথ্যা।
তথ্যসূত্র
- EC Website: Candidates List
- Jagonews24: https://www.jagonews24.com/m/country/news/1087134

