সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সরকারি একটি পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সরকারি পুকুর থেকে মাছ চুরির আলোচিত ছবিটির সাথে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি পুকুর থেকে স্থানীয় এক বিএনপি নেতার মাছ ধরে নিয়ে যাওয়ার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৯ মার্চ জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিলেন বিএনপি নেতা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফিচার ইমেজে আলোচিত ছবিটি ব্যবহার করতে দেখা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত ছবিটি জামালপুরের ফুলবাড়িয়া এলাকার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় প্রাঙ্গণের একটি পুকুর থেকে মাছ ধরার মুহুর্তের। জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আপেল মাহমুদ পাউবোর কর্মকর্তা ও কর্মচারীদের শাসিয়ে সেদিন পুকুর থেকে মাছ ধরে নিয়ে যান বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
যদিও প্রতিবেদককে এস এম আপেল মাহমুদ জানিয়েছেন, পুকুরটি সরকারি হলেও তিনি সেখানে মাছ ছেড়েছিলেন। তাই সে মাছ ধরে নিয়েছেন। কিন্তু এ ঘটনায় পরবর্তীতে তাকে দলের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় বলেও জানা যায়।
একই ঘটনায় মূলধারার আরেক গণমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। তবে কোথাও উক্ত ঘটনার সাথে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, সরকারি পুকুর থেকে বিএনপি নেতার মাছ ধরে নিয়ে যাওয়ার ছবিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাছ চুরির দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo Website: জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিলেন বিএনপি নেতা
- The Daily Star Website: সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা
- Rumor Scanner’s Analysis


