তালিমের নামে ডাকাতি করতে গিয়ে জামায়াতের নারী কর্মী গ্রেফতারের এই দাবিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, তালিম দেওয়ার নামে টাকা-পয়সা, স্বর্নলংকার লুট করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন নারী কর্মী গ্রেফতার হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত পোস্টে সাড়ে ছয়শতাধিক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি জামায়াতের নারী কর্মী গ্রেফতারের কোনো ঘটনার নয় এবং এটি সাম্প্রতিক কোনো ঘটনাও নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের আগস্ট মাসে ঢাকার বিভিন্ন এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির নারী বিভাগের উপদেষ্টাসহ চারজনকে গ্রেফতার করে। উক্ত ঘটনার ছবিকেই বর্তমানে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইটে ২০১৬ সালের ১৬ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি সেসময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির নারী উপদেষ্টা ও কর্মী গ্রেফতারকালীন ধারণ করা ছবি।

বিবিসি বাংলার প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, গ্রেফতারকৃত জেএমবির নারী সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, তথ্যচিত্র, অডিও ও ভিডিও উদ্ধার করা হয়েছিল। এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, এই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিল জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা।

উক্ত ঘটনা নিয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমে (, ) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে প্রচারিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, তালিমের নামে ডাকাতি করতে গিয়ে জামায়াতে ইসলামীর নারী কর্মী গ্রেফতারের এই দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: